একটি দরজা বন্ধ হলে অসংখ্য নতুন দরজা খুলে দেন সৃষ্টিকর্তা: বাঁধন

প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
একটি দরজা বন্ধ হলে অসংখ্য নতুন দরজা খুলে দেন সৃষ্টিকর্তা: বাঁধন

জীবনের কঠিন সময় ও নতুন উপলব্ধির কথা জানালেন বাঁধন

জীবনের নানা কঠিন পরিস্থিতি তাকে অনেক অভিজ্ঞতা দিয়েছে। সেই অভিজ্ঞতাই বদলে দিয়েছে জীবন ও ভবিষ্যৎকে দেখার দৃষ্টিভঙ্গি। এবার কঠিন সময় পেরিয়ে পাওয়া সেই উপলব্ধির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টে জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধন লিখেছেন, কোনো একটি দরজা বন্ধ হয়ে গেলেও সৃষ্টিকর্তা অনেক সময় নতুন সুযোগের দরজা খুলে দেন। তার ভাষায়, ‘যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন অসংখ্য নতুন দরজা খুলে দেন সৃষ্টিকর্তা—যেগুলো অনেক সময় আমাদের কল্পনার চেয়েও সুন্দর ও অর্থবহ। আপনি কি এটা বিশ্বাস করেন? আমি করি।’

জীবনের অভিজ্ঞতা থেকে বাঁধনের উপলব্ধি, কোনো একটি অধ্যায়ের সমাপ্তি সব সময় শেষের অর্থ বহন করে না। বরং সেটিই নতুন কোনো অধ্যায়ের শুরু হতে পারে। নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, যখনই মনে হয়েছে জীবনের একটি অধ্যায় শেষ হয়ে গেছে, তখনই নতুন সুযোগ ও অভিজ্ঞতার ওপর বিশ্বাস রাখার সুযোগ পেয়েছেন।

বাঁধন আরও লিখেছেন, জীবনের কিছু মুহূর্তে তার সত্যিই মনে হয়েছিল সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু পরবর্তী সময়ে তিনি উপলব্ধি করেছেন, সেই কঠিন সময়গুলোই তাকে এমন এক জায়গায় নিয়ে গেছে, যা আগে তিনি ভাবেননি, এমনকি কল্পনাও করেননি।

এখন জীবনের প্রতি আরও কৃতজ্ঞ থাকা, শান্ত থাকা এবং বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে চান এই অভিনেত্রী। তার মতে, নিজের জীবনই তাকে শিখিয়েছে—অপ্রত্যাশিত পরিস্থিতিতেও একটি গল্পের মোড় বদলে যেতে পারে।

জীবনের যাত্রা, পাওয়া শিক্ষা এবং অপ্রত্যাশিত আশীর্বাদের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন বাঁধন। পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘এই যাত্রা, জীবনের শিক্ষা, অপ্রত্যাশিত আশীর্বাদ এবং এখনো লেখা বাকি থাকা সব সুন্দর অধ্যায়ের জন্য আলহামদুলিল্লাহ।’

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর আলোচনায় এসেছিলেন আজমেরী হক বাঁধন। নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন তিনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে বের হলে একটি পার্কে হামলার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগও করেন তিনি।

ওই ঘটনার কয়েক সপ্তাহ পর জীবনের কঠিন সময়, সেখান থেকে পাওয়া শিক্ষা এবং ভবিষ্যৎ নিয়ে নিজের বিশ্বাসের কথা জানিয়ে বাঁধনের এই পোস্ট নতুন করে আলোচনায় এসেছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page