যশোরে ২ হাজার ৬৩৫ কৃষকের হাতে “কৃষক কার্ড”
যশোরের হৈবতপুর ইউনিয়নে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।
যশোরে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৬৩৫ কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ২ হাজার ৪০৪ কৃষককে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উদ্বোধনের সঙ্গে সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে উপকারভোগীদের মুঠোফোনে সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হয়।
যশোর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে হৈবতপুরের আবদুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে নির্বাচিত কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
কৃষক কার্ড বিতরণের পাশাপাশি আর্থিক সহায়তা পাওয়ায় সংশ্লিষ্ট কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে হৈবতপুর ইউনিয়নের নির্ধারিত কৃষকদের হাতে কার্ড তুলে দেওয়ার পাশাপাশি নির্বাচিত উপকারভোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
