ইরানের সংগ্রাম ও সাফল্যের প্রধান শক্তি নামাজ: মোজতবা খামেনি
নামাজকে ইরানি জাতির সংগ্রাম ও সাফল্যের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেছেন আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।
বর্তমান পরিস্থিতিতে ইরানি জাতির সংগ্রাম, বিজয় ও সাফল্যের প্রধান শক্তি ও ভিত্তি হলো নামাজ—এমন মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।
মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়োজিত ৩৩তম ‘জাতীয় নামাজ সম্মেলনে’ পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এ কথা বলেন। সম্মেলনে খামেনির ওই বার্তা পড়ে শোনানো হয়।
বার্তায় নামাজকে মহান আল্লাহর দেওয়া অন্যতম সেরা নিয়ামত এবং ধর্মের মূল স্তম্ভ হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, নামাজ মানুষের সঙ্গে মহান সৃষ্টিকর্তার সরাসরি যোগাযোগের মাধ্যম। একই সঙ্গে এটি মানুষের ভেতরের অহংকার ও জাগতিক কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াইয়ের বড় হাতিয়ার এবং মনে শান্তি, আশা ও ভালোবাসার উৎস।
খামেনি বলেন, নামাজ শুধু ব্যক্তিগত কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নয়; এর সঙ্গে সামাজিক দায়িত্বও জড়িত। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, ক্ষমতা ও সামর্থ্য অর্জিত হলে নামাজ কায়েম করা সৎকর্মশীলদের অন্যতম প্রধান দায়িত্ব।
বর্তমান ইরানি জাতির প্রেক্ষাপটে নামাজ কায়েম করা এবং এর চেতনা সমাজে ছড়িয়ে দেওয়াকে জাতীয় অগ্রগতি ও সংগ্রামের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
এ লক্ষ্য বাস্তবায়নে সমাজের বিভিন্ন স্তরের প্রভাবশালী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা। পরিবার, শিক্ষক, সমাজের গুণীজন, প্রখ্যাত ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে নামাজ কায়েমের বিষয়ে আরও বেশি দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
বার্তার শেষে খামেনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহর রহমতে ইরানি জনগণ নামাজ কায়েমের মাধ্যমে এর সব বরকত ও কল্যাণ লাভ করতে সক্ষম হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
