দাম কমে দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বাজুসের সর্বশেষ নির্ধারিত দামে সোমবার দেশের বাজারে সোনা ও রুপার অলংকার বিক্রি হচ্ছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনা ও রুপার দাম নিয়মিত পরিবর্তন হচ্ছে। সর্বশেষ দাম কমানোর পর সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত দামেই দেশের বাজারে সোনা ও রুপার অলংকার বিক্রি হচ্ছে।
বাজুস গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সোনার দাম কমানোর ঘোষণা দেয়। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ভ্যাটসহ এ দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এসব দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। নির্ধারিত ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
ফলে বাজুসের সর্বশেষ ঘোষিত মূল্য অনুযায়ী, সোমবার দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনা এবং বিভিন্ন মানের রুপার অলংকার এসব নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে। তবে অলংকার তৈরির ধরন ও নকশার ভিত্তিতে প্রযোজ্য মজুরি যুক্ত হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
