বিশেষ অনুদানের আবেদন ফের শুরু, কারা পাবেন সুযোগ জানুন

প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
বিশেষ অনুদানের আবেদন ফের শুরু, কারা পাবেন সুযোগ জানুন

প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য আবারও বিশেষ অনুদানের আবেদন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং সরকারি-বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদানের আবেদন আবারও শুরু হয়েছে। এবার অনলাইনের পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত যোগ্যতা অনুযায়ী অনলাইনে কাঙ্ক্ষিত সংখ্যক যোগ্য আবেদনকারী না পাওয়ায় নতুন করে এ সুযোগ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক পুনঃবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অনলাইনে বিশেষ অনুদানের আবেদন গ্রহণ করা হয়েছিল। ওই প্রক্রিয়ায় নির্ধারিত যোগ্যতা অনুযায়ী পর্যাপ্ত যোগ্য আবেদনকারী না পাওয়ায় ম্যানুয়াল পদ্ধতিতে নতুন করে আবেদন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নতুন এ প্রক্রিয়ায় তিন ধরনের আবেদন গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

এমপিও ও নন-এমপিও উভয় ধরনের বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ অনুদানের জন্য আবেদন করতে পারবে। প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ সংগ্রহ, খেলাধুলার সরঞ্জাম কেনা, প্রতিবন্ধীবান্ধব ব্যবস্থা তৈরি এবং পাঠাগার উন্নয়নের মতো কাজে অনুদানের আবেদন করা যাবে।

বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও নির্ধারিত শর্তে এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। দুরারোগ্য ব্যাধি এবং বৈধ দুর্ঘটনাজনিত কারণে আর্থিক সহায়তার প্রয়োজন হলে তাঁরা আবেদন করার সুযোগ পাবেন।

এ ছাড়া সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অধ্যয়নরত নির্দিষ্ট শ্রেণির শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দুরারোগ্য ব্যাধি বা বৈধ দুর্ঘটনায় আক্রান্ত শিক্ষার্থী ছাড়াও দুঃস্থ, মেধাবী, এতিম, অক্ষম মেধাবী, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, অনগ্রসর সম্প্রদায়, উপজাতীয় এবং চরাঞ্চল, হাওড় ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা অনুযায়ী এ অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা প্রধান শিক্ষককে নির্ধারিত ফরমে করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা অধ্যক্ষের মাধ্যমে করতে হবে। আর স্নাতক ও সমমান এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান, অধ্যক্ষ বা রেজিস্ট্রারের মাধ্যমে নির্ধারিত ফরমে করতে হবে।

আবেদন পাওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ বা রেজিস্ট্রার প্রাথমিকভাবে আবেদন যাচাই-বাছাই করবেন। এরপর তা সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। জেলা পর্যায়ের কমিটি নির্ধারিত যোগ্যতা, শর্ত ও অগ্রাধিকার অনুসরণ করে আবেদনগুলো যাচাই-বাছাই করে সুপারিশ করবে।

দুরারোগ্য বা জটিল রোগের ক্ষেত্রে সরকারি হাসপাতালের নিবন্ধিত চিকিৎসকের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র, চিকিৎসাপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। ক্যানসার, হৃদরোগ, কিডনি, হেপাটাইটিস, ডায়াবেটিস, প্যারালাইসিস ও কিডনি ডায়ালাইসিসসহ সংশ্লিষ্ট রোগের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তার দেওয়া প্রতিবন্ধী সনদ জমা দিতে হবে।

শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের কপি এবং বর্তমানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকার প্রত্যয়নপত্র দিতে হবে। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বীকৃতির কপি, EIIN নম্বর এবং প্রতিষ্ঠানের নামে পরিচালিত তফসিলি ব্যাংক হিসাবের বিবরণসহ প্রয়োজনীয় ব্যাংক কাগজপত্র দিতে হবে। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিজ নামে পরিচালিত তফসিলি ব্যাংক হিসাবের তথ্যও আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

তবে যারা আগে অনলাইনে আবেদন করেছেন, তাঁদের নতুন করে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করার প্রয়োজন নেই। একই বিষয়ে অনলাইন ও ম্যানুয়াল—দুই পদ্ধতিতে আবেদন করা হলে উভয় আবেদনই বাতিল হিসেবে গণ্য হবে। একই সময়ে অন্য কোনো সরকারি অনুদান গ্রহণ করলে এ বিশেষ অনুদানের জন্য আবেদন করা যাবে না। তবে সরকারি সাধারণ উপবৃত্তি ও মেধাবৃত্তির আওতায় থাকা শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বাদ পড়বেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুল তথ্যসংবলিত অথবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আবেদন বাতিল করা হবে। শুধু আবেদন করা বা কোনো পর্যায়ে সুপারিশ পাওয়ার মাধ্যমে অনুদান পাওয়ার অধিকার তৈরি হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। বিজ্ঞপ্তির শর্ত অমান্য করা বা অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ম্যানুয়াল পদ্ধতিতে পাওয়া আবেদন জেলা পর্যায়ে যাচাই-বাছাই ও সুপারিশের পর আগামী ১৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর পাওয়া আবেদন বিবেচনা করা হবে না।

বিশেষ অনুদানের নির্ধারিত আবেদন ফরম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইট থেকেও ফরম সংগ্রহ করা যাবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে – ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page