ভিডিও নিয়ে আলোচনায় আসা সেই শিক্ষকই সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক
সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বিউটি রানী পাল।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের ভিডিও ছড়িয়ে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশাদ স্বাক্ষরিত এক পত্রে গত সোমবার জেলা পর্যায়ে নির্বাচিত চার শ্রেষ্ঠ শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় বিউটি রানী পালের পাশাপাশি আরও তিনজন শিক্ষক রয়েছেন।
তাঁরা হলেন—সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
বিউটি রানী পাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত জুলাইয়ে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সঙ্গে তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
ঘটনাটি নিয়ে শুরুতে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হলেও পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিউটি রানী পালের পাশে দাঁড়ান। বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়। সিলেট সফরের সময় শিক্ষাপ্রতিমন্ত্রীও তাঁর পক্ষে কথা বলেছিলেন। এর কয়েক মাসের মধ্যেই জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের তালিকায় তাঁর নাম আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সিলেট জেলা পর্যায়ে নির্বাচিত চার শ্রেষ্ঠ শিক্ষকের মধ্যে বিউটি রানী পাল ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রতিনিধিত্ব করছেন। সংশ্লিষ্টরা জানান, শিক্ষকতা ও বিদ্যালয় পরিচালনায় তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে দায়িত্ব পালনের বিষয়গুলো মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
