রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে সাড়ে ৬০০ স্বেচ্ছাসেবক, যা বললেন হুমাম কাদের

প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
রাঙ্গুনিয়ায় খাল পরিষ্কারে সাড়ে ৬০০ স্বেচ্ছাসেবক, যা বললেন হুমাম কাদের

রাঙ্গুনিয়ার কুলকুরমাই খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন হুমাম কাদের চৌধুরী ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা।

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের বিস্তার ঠেকাতে নোংরা খাল, নালা ও নর্দমা পরিষ্কার রাখা জরুরি।

শুক্রবার সকালে রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগরে মৃতপ্রায় কুলকুরমাই খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সাড়ে ছয় শতাধিক কর্মী অংশ নেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি রাঙ্গুনিয়ার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতেও খালগুলো পরিষ্কার রাখা প্রয়োজন। খাল-নালা পরিষ্কার রাখার মাধ্যমে পরিবেশের পাশাপাশি এলাকার সৌন্দর্যও ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে তিনি বলেন, তারা কোনো আর্থিক সুবিধা বা স্বীকৃতির প্রত্যাশা ছাড়াই মানুষের সচেতনতা তৈরিতে কাজ করছেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রয়োজন হলে মাঠে নেমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন তারা।

হুমাম কাদের বলেন, স্বেচ্ছাসেবীরা কোনো কাজ অর্ধেক করে রেখে যান না। পুরো কাজ শেষ করার পরই তারা কর্মসূচি শেষ করেন।

পরিচ্ছন্নতা নিশ্চিতে এর আগে নেওয়া উদ্যোগের অভিজ্ঞতাও তুলে ধরেন সংসদ সদস্য। তিনি জানান, নির্বাচনের সময় প্রতিটি ইউনিয়ন ও বাজারে বিনামূল্যে ডাস্টবিন দেওয়া হয়েছিল। তবে অনেকেই সেগুলো যথাযথভাবে ব্যবহার করেননি।

তার ভাষ্য, ডাস্টবিনগুলো দেখতে নতুন ও সুন্দর হওয়ায় অনেকে সেগুলো ব্যবহার না করে আশপাশে ময়লা ফেলেছেন। এ অভিজ্ঞতা থেকে এবার শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসূচিতে বিডি ক্লিনের প্রতিনিধি জহিরুল ইসলাম রবি জানান, সংগঠনটি ২০১৬ সাল থেকে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দেশের ৫৭টি জেলা ও ১৬৫টি উপজেলায় সংগঠনটির টিম রয়েছে।

তিনি বলেন, হুমাম কাদের চৌধুরীর সহধর্মিণী বিডি ক্লিনের কার্যক্রম দেখে রাঙ্গুনিয়াকে পরিচ্ছন্ন করার বিষয়ে সংগঠনটির সঙ্গে যোগাযোগ করেন। পরে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে কুলকুরমাই খাল পরিষ্কারসহ পরিচ্ছন্নতা কর্মসূচির পরিকল্পনা করা হয়।

কুলকুরমাই খাল পরিষ্কার কর্মসূচির মাধ্যমে রাঙ্গুনিয়ায় পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

সূত্র: BSS News

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page