‘কোনো প্রাপ্তির আশায় মিউজিক নয়’, নতুন প্রজন্মকে জেমসের পরামর্শ
জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চান নগরবাউল জেমস।
গানের টানে তরুণ বয়সেই ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। দীর্ঘ সংগীতজীবনে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রকসংগীতের অন্যতম আইকন। বয়স বাড়লেও মঞ্চে তার উপস্থিতি ও পরিবেশনার দাপট এখনও অটুট। দেশ-বিদেশের কনসার্টে নিয়মিত গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে চলেছেন জনপ্রিয় এই শিল্পী।
প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন জেমস। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি সফর শেষে বর্তমানে তিনি সুইডেনে অবস্থান করছেন। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন তিনি।
কনসার্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের দীর্ঘ সংগীতজীবন ও ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেন জেমস। এ সময় নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে তিনি বলেন, সংগীত করতে হবে ভালোবাসা ও প্যাশন থেকে; কোনো কিছু পাওয়ার প্রত্যাশায় গান করা উচিত নয়।
জেমসের ভাষায়, ‘গান করতে হবে একদম প্যাশন থেকে, নেশা থেকে। কোনো প্রাপ্তির আশায় যদি কেউ মিউজিক করে, তবে আমি বলব, এখনই বন্ধ করে দাও।’
জেমস জানান, জীবনের শেষ দিন পর্যন্ত গান গেয়ে যেতে চান তিনি। ভবিষ্যৎ নিয়ে আলাদা কোনো পরিকল্পনা না থাকলেও সংগীত ও মঞ্চের প্রতি তার ভালোবাসা অটুট রয়েছে।
দীর্ঘ সংগীতযাত্রার প্রসঙ্গে জেমস বলেন, মঞ্চে উঠলে এখনও তার মনে হয় শ্রোতারা আগের মতোই আছেন। সময়ের সঙ্গে প্রজন্ম বদলে গেলেও বিষয়টি তিনি সেভাবে খেয়াল করেননি। এখন মনে হয়, তিনি একাধিক প্রজন্মের শ্রোতাকে গান শোনানোর সুযোগ পাচ্ছেন।
জেমস আরও বলেন, জীবনে কোনো কিছু পাওয়ার আশায় তিনি গান করেননি। ভালোবাসা, আবেগ ও নিজের প্রশান্তির জন্যই সংগীতকে বেছে নিয়েছেন। সংগীতের মাধ্যমে কোনো অর্জন এলে সেটি বাড়তি পাওয়া বলেই মনে করেন তিনি।
আশির দশকের শুরুতে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতজীবন শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর কয়েক দশকের পথচলায় তার গান দেশের একাধিক প্রজন্মের শ্রোতার কাছে জনপ্রিয়তা পেয়েছে।
সুইডেনের কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে জেমসের এবারের দীর্ঘ ইউরোপ সফর। এরপর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন। আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে আয়োজিত একটি বিশেষ কনসার্টে পশ্চিমবঙ্গের ফসিলস ব্যান্ডের গায়ক রূপম ইসলামের সঙ্গে একই মঞ্চে গান করার কথা রয়েছে তার।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
