শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

শিবির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ঢাবি শিক্ষিকার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

তার অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত তাকে ট্যাগ করে হয়রানি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে তাকে নাজেহাল করা হচ্ছে।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে মোনামী অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যাদের মধ্যে একজন শিবির সমর্থক বা শিবিরের সঙ্গে যুক্ত বলে তিনি উল্লেখ করেছেন, ক্লাসের ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। ওই হয়রানির তালিকায় তাকেও রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন এই শিক্ষিকা।

মোনামী তার পোস্টে বলেন, ‘অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে, কথা শোনানো হচ্ছে। তা-ও আবার ঢাবির ছেলেরাই।’

তিনি আরও বলেন, রাজনৈতিক বিরোধ এবং অতীতে শিবির সম্পর্কে তার ইতিবাচক মন্তব্যের কারণে তাকে নতুন করে নাজেহাল করা হচ্ছে।

মোনামীর ভাষ্য, ‘এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি। কিন্তু তাদের যা দরকার তা হলো একজন নারীকে হয়রানি করা, সে যে-ই হোক না কেন।’

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী বা সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: কালের কণ্ঠ

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page