সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সোলার পাওয়ার নিয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। সরকারি বিভিন্ন দপ্তরে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘সোলার পাওয়ার নিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত সিরিয়াস। সচিবালয়ে প্রধানমন্ত্রী যে ভবনে বসেন, সেই ভবনটি শতভাগ সোলার এনার্জিতে নিয়ে আসা হয়েছে। আমরা চেষ্টা করছি, বিভিন্ন সরকারি দফতরে যতটুকু সম্ভব সোলার এনার্জি ব্যবহার করার জন্য।’

তিনি জানান, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে চীন, জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি এলএনজি সরবরাহ বাড়ানোর বিষয়েও সরকার কাজ করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি খাতে নির্ভরতা কমাতে উৎসের বৈচিত্র্য আনার চেষ্টা করা হচ্ছে। একটি মাত্র উৎসের ওপর বেশি নির্ভরশীলতা অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করতে পারে। এ জন্য আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চলে নতুন জ্বালানি উৎসের সন্ধান করা হচ্ছে।

তিনি বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেবেন। সেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো তুলে ধরার সুযোগ তৈরি হবে।

শামা ওবায়েদ আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য অর্থনৈতিক কূটনীতি। একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পাওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই অবস্থান থেকে অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে সময় প্রয়োজন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংকিং খাতকে আরও স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করার চেষ্টা করছেন। বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও যেন দেশে বিনিয়োগে আগ্রহী হন, সে জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অবৈধ অভিবাসনের বিষয়ে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে দালালদের মাধ্যমে অবৈধভাবে বিদেশ যাওয়ার প্রবণতা বাংলাদেশের ভাবমূর্তির ক্ষতি করছে। দক্ষ জনশক্তি পাঠানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে শামা ওবায়েদ বলেন, বিমানবন্দর পরিস্থিতি ও ভিসা নীতিতে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসা, পর্যটন ও কর্মসংস্থানভিত্তিক ভিসা সহজীকরণে কিছু নীতিগত পরিবর্তন আনা হয়েছে, যা বাংলাদেশকে বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় করে তুলবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page