‘জনগণের জন্য কাজ করবে জেলা পরিষদ’: দায়িত্ব নিলেন চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ও সদস্যরা

প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
‘জনগণের জন্য কাজ করবে জেলা পরিষদ’: দায়িত্ব নিলেন চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ও সদস্যরা

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ও সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের দৃশ্য।

পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রোববার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা দায়িত্ব বুঝে নেন। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান ও পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দায়িত্ব গ্রহণ শেষে পরিষদের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। সভায় পরিষদের নবনিযুক্ত সদস্য, কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। পরিষদ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়। পাহাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, খাগড়াছড়ির মানুষের প্রত্যাশা পূরণে পরিষদের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। জনগণের প্রয়োজন ও সমস্যাকে অগ্রাধিকার দিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

চেয়ারম্যান আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা হবে। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহফুজ এবং নবনিযুক্ত সদস্য এম এন আবছার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও রুবেল মারমা।

বক্তারা নতুন পরিষদের কার্যক্রমকে আরও জনমুখী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিষদের দায়িত্ব ও ক্ষমতার যথাযথ প্রয়োগের মাধ্যমে খাগড়াছড়ির মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় নবনিযুক্ত পরিষদের সদস্যরাও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। নতুন চেয়ারম্যান ও সদস্যদের নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও স্বচ্ছ, সমন্বিত ও জনবান্ধব হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page