২ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া, সেপ্টেম্বর থেকে শুরু
সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক নিতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এসব শ্রমিক নেওয়ার প্রক্রিয়া আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সেপ্টেম্বরের শেষ দিক থেকে পর্যায়ক্রমে শুরু হবে। পুরো প্রক্রিয়া আগামী ছয় মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে বলে মালয়েশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন।
তিনি বলেন, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে মোট প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে কোনো খরচ ছাড়াই মালয়েশিয়া নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘জিরো কস্ট’ পদ্ধতিতে এসব শ্রমিক পাঠানোর কার্যক্রমও সেপ্টেম্বরের শেষ দিক থেকে ধাপে ধাপে শুরু হবে।
সড়ক নির্মাণে মালয়েশিয়ার প্রযুক্তি ব্যবহার
বৈঠকে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার পাশাপাশি সড়ক নির্মাণে মালয়েশিয়ার প্রযুক্তি ব্যবহারের বিষয়েও আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় টেকসই সড়ক নির্মাণে রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহার করা হয়। বাংলাদেশেও এই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে।
এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতেও বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া বলে জানান তিনি।
