ময়লা-আবর্জনা থেকেই বিদ্যুৎ, আমিনবাজার প্রকল্পে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
ময়লা-আবর্জনা থেকেই বিদ্যুৎ, আমিনবাজার প্রকল্পে আসছে বড় পরিবর্তন

আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা।

ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে কাজ করছে চীনা একটি কোম্পানি। প্রকল্পটি চালু হলে বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে, যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

আগামী ১৮ মাসের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, আগামী দেড় বছরের মধ্যে প্রকল্পটি থেকে জাতীয় গ্রিডে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হবে। বর্জ্য-আবর্জনা থেকেই এই বিদ্যুৎ উৎপাদন করা হবে।

তিনি জানান, প্রকল্পটির আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্প সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা হয়েছে। চূড়ান্ত অর্থায়ন চুক্তি হবে বিনিয়োগকারী ব্যাংক, কোম্পানি ও বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে।

প্রতিমন্ত্রী আরও জানান, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল ও মোংলা বন্দর উন্নয়নেও চীনের আগ্রহ রয়েছে। মোংলা বন্দরের উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের সঙ্গে এর যোগাযোগ ব্যবস্থা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প চালু হলে একদিকে যেমন নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় চাপ কমবে, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির একটি নতুন উৎস তৈরি হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page