ফুত্যাছড়ি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান না হওয়ার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবকরা
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দুর্গম ফুত্যাছড়ি এলাকার প্রাথমিক বিদ্যালয়।
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার ৩ নম্বর বর্মাছড়ি ইউনিয়নের দুর্গম এলাকা ফুত্যাছড়ি। পাহাড়ি এই এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষার অন্যতম ভরসা ফুত্যাছড়ি প্রাথমিক বিদ্যালয়। তবে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন স্থানীয় অভিভাবকরা।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়টি চালু থাকলেও নিয়মিতভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে না। শিক্ষক উপস্থিত থাকলেও পর্যাপ্ত ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এতে দুর্গম এলাকার কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষক শান্তিময় চাকমা সরকারি বেতন-ভাতা পেলেও নিয়মিত পাঠদান করছেন না। সপ্তাহে পর্যাপ্ত দিন ক্লাস না হওয়ার অভিযোগও করেছেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক শান্তিময় চাকমার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
অভিভাবকরা জানান, এলাকার আর্থিকভাবে স্বচ্ছল কিছু পরিবার সন্তানদের অন্যত্র নিয়ে গিয়ে পড়াশোনার সুযোগ করে দিতে পারলেও দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের পক্ষে তা সম্ভব নয়। ফলে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান না হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে এসব পরিবারের সন্তানরা।
একজন অভিভাবক বলেন, “আমাদের সন্তানদের পড়াশোনার জন্য এই বিদ্যালয়ই একমাত্র ভরসা। এখানে যদি নিয়মিত ক্লাস না হয়, তাহলে আমরা সন্তানদের কোথায় পড়াব? বাইরে পাঠানোর মতো আর্থিক সামর্থ্যও আমাদের নেই।”
স্থানীয়দের আশঙ্কা, দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চলতে থাকলে শিক্ষার্থীদের কেউ কেউ প্রাথমিক স্তরেই পড়াশোনা থেকে ঝরে পড়তে পারে। এতে দুর্গম এলাকার শিশুদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়ার পাশাপাশি একটি প্রজন্ম শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।
এ অবস্থায় ফুত্যাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সরেজমিনে তদন্ত করে প্রকৃত পরিস্থিতি যাচাই এবং নিয়মিত পাঠদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবকরা।
তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ ও প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং বিদ্যালয়টিতে স্বাভাবিক ও নিয়মিত শিক্ষা কার্যক্রম নিশ্চিত করবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
