শিক্ষক নিয়োগ কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট) বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষক নিয়োগ কমিটির হাতে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে অপতথ্য না ছড়ানোর জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।
মন্ত্রী জানান, প্রথমে অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সুপারিশ করা হবে। পরে শূন্য পদে শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর বিদ্যমান নিয়োগ পদ্ধতি বাতিল করে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ ক্ষমতা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। একটি সভায় মন্ত্রণালয় ও এনটিআরসিএর কয়েকজন কর্মকর্তা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন মাত্র।
মন্ত্রী আরও জানান, গত ৩ আগস্ট এনটিআরসিএ–সংক্রান্ত যে সভা মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে, সেই সভার কার্যবিবরণী এখনো তাঁর কাছে আসেনি। তাই অনুমোদনের বিষয়ও আসেনি।
তিনি বলেন, শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন হবে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যক্রম আরও স্বচ্ছ, দক্ষ ও কার্যকর করার বিষয়ে পর্যালোচনা চলছে। তবে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, এ বিষয়ে কোনো ধরনের অপতথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বর্তমানে এনটিআরসিএ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষা গ্রহণ করে এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করে। পরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি সেই সুপারিশের ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
