যোগদানের তারিখ এগিয়ে আনার আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নতুন শিক্ষকদের
প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদানের নতুন তারিখ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর রোববার (২ আগস্ট) বিকেলে তারা এ কর্মসূচি প্রত্যাহার করেন।
এর আগে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যোগদান ও পদায়নের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। কয়েক ঘণ্টা অবস্থানের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তারা আন্দোলন থেকে সরে আসেন।
আন্দোলন চলাকালে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ব্যারিকেড ও জলকামান মোতায়েন করা হয়। এ সময় শাহবাগ থেকে টিএসসি অভিমুখের একটি অংশে যান চলাচল ব্যাহত হয়।
রোববার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে নির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর চূড়ান্তভাবে নির্বাচিত সহকারী শিক্ষকদের যোগদান করানো হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। পরদিন ২ অক্টোবর তাদের পদায়ন করা হবে। একই সঙ্গে যথাসময়ে নিয়োগপত্র পাঠানো এবং পরবর্তী সময়ে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্তের পর আন্দোলনকারীরা জানান, সরকারের এ উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন। প্রজ্ঞাপন জারি ও তা ওয়েবসাইটে প্রকাশের পর তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
এর আগে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি ভার্চুয়াল সভায় সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তদন্ত ও প্রক্রিয়াগত জটিলতার কারণে নিয়োগ কার্যক্রমে বিলম্ব হয়েছে। সে সময় তিনি ২৯ অক্টোবর যোগদানের কথা জানিয়েছিলেন। পরে নতুন সিদ্ধান্তে যোগদানের তারিখ এক মাসের বেশি এগিয়ে আনা হয়।
প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন।
পরে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হলেও এতদিন তারা যোগদান করতে পারেননি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
