মানিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬
মানিকছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান এবং বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়া। এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, স্থানীয় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন বাংলাদেশ গড়ার মূল অনুপ্রেরণা। বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব তাঁর বক্তব্যে বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের জনগণকে অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার নতুন দিগন্ত উন্মোচন করে দিয়েছে। এ আন্দোলনের শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তচিন্তা, ন্যায়বিচার এবং দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকা রাখা ব্যক্তিবর্গকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
