পার্বত্য বাঙালিদের অধিকার নিশ্চিতে শাহবাগে সমাবেশ
বিভিন্ন দাবিতে শাহবাগে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের আয়োজিত বিক্ষোভ সমাবেশ।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের জন্য আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা চালু, সাংবিধানিক অধিকার নিশ্চিত, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শাহবাগের শহীদ হাদী চত্বরে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শহীদ হাদী চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মো. মোস্তফা আল ইহযায-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত কর্নেল খন্দকার ফরিদুল আকবর, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগ্যাল এইডের সভাপতি অ্যাডভোকেট পারভেজ তালুকদার, শ্রমিক নেতা বজলুর রহমান বাবলু, ছাত্রনেতা মিজানুর রহমান, স্টুডেন্ট ফর সভারেন্টির আহ্বায়ক জিয়া উল হক, শাহিদুল ইসলাম, কৃষিবিদ রফিকুল ইসলাম, প্রভাষক নারগিস জুই, যুব নেতা সেলিম রেজা বাচ্চু, শাহপরান সাইম, রোজিনা আক্তার ও তারেক রহমান শাওন।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় স্থায়ীভাবে বসবাসকারী বাঙালিদেরও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মতো আয়কর অব্যাহতির আওতায় আনতে হবে। একই সঙ্গে জেলা পরিষদে হস্তান্তরিত বিভাগসমূহের তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে শতভাগ স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত এবং পার্বত্য বাঙালি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় পৃথক কোটা চালুর দাবি জানান তারা।
সভাপতির বক্তব্যে মো. মোস্তফা আল ইহযায বলেন, একই ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাস করেও পার্বত্য বাঙালিরা অর্থনৈতিক ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দাবি, সাংবিধানিক অধিকার ও সমঅধিকার নিশ্চিত করতে আয়কর অব্যাহতি এবং অন্যান্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি, স্থিতিশীলতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং জাতীয় নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দিয়ে শাহবাগের শহীদ হাদী চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
