সংক্রামক রোগ গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন ড. ফিরদৌসী কাদরী
জনস্বাস্থ্য ও সংক্রামক রোগ গবেষণায় অবদানের জন্য ‘বিডিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ পাচ্ছেন ড. ফিরদৌসী কাদরী।
বাংলাদেশের জনস্বাস্থ্য গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আইসিডিডিআর,বি-এর সিনিয়র সায়েন্টিস্ট ড. ফিরদৌসী কাদরী মর্যাদাপূর্ণ ‘বিডিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন। সংক্রামক রোগ নিয়ে দীর্ঘদিনের গবেষণা, স্বল্পমূল্যের টিকা উন্নয়ন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অসামান্য অবদানের জন্য তাঁকে এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠন বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (বিডিআই) এ তথ্য জানিয়েছে। সংগঠনটির আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ড. ফিরদৌসী কাদরীর হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। একই অনুষ্ঠানে তিনি একটি বিশেষ মূল বক্তব্যও উপস্থাপন করেন ।
বিডিআই ২০১২ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা, সামাজিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিয়ে আসছে। এবার জনস্বাস্থ্য গবেষণায় দীর্ঘদিনের নিরলস কাজের স্বীকৃতি হিসেবে ড. ফিরদৌসী কাদরীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
ড. ফিরদৌসী কাদরী বাংলাদেশে সংক্রামক রোগ প্রতিরোধ, বিশেষ করে কলেরা, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের টিকা গবেষণায় আন্তর্জাতিকভাবে সুপরিচিত। তাঁর গবেষণা উন্নয়নশীল দেশের মানুষের জন্য সাশ্রয়ী ও কার্যকর টিকা উদ্ভাবন এবং জনস্বাস্থ্য নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বহু বছর ধরে তিনি আন্তর্জাতিক গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করে বাংলাদেশের স্বাস্থ্য গবেষণাকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরেছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ড. কাদরীর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাংলাদেশের চিকিৎসা ও স্বাস্থ্য গবেষণার জন্যও একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। তাঁর গবেষণা ভবিষ্যতেও সংক্রামক রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য উন্নয়নে নতুন পথ দেখাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
