রিয়াল মাদ্রিদ ছেড়ে কোথায় যাচ্ছেন ভিনিসিয়ুস

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
রিয়াল মাদ্রিদ ছেড়ে কোথায় যাচ্ছেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে দলবদলের গুঞ্জন

দলবদলের বাজারে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি এখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে জটিলতার কারণে তাঁকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। এরই মধ্যে ইংলিশ ক্লাব আর্সেনাল তাঁকে দলে ভেড়ানোর বিষয়ে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছে ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।

রিয়ালের হয়ে অনুশীলনে ফিরলেও ২০২৭ সাল পর্যন্ত থাকা বর্তমান চুক্তির পর নতুন সমঝোতায় পৌঁছাতে পারেননি ভিনিসিয়ুস। ফলে আগামী দিনে তাঁর ভবিষ্যৎ কোন দিকে যাবে, তা নিয়ে আলোচনা চলছে ফুটবল অঙ্গনে।

২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে প্রায় সাড়ে চার কোটি ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। শুরুতে তরুণ প্রতিভা হিসেবে দলে এলেও সময়ের সঙ্গে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

২০২২ সালে প্রথমবার চুক্তি নবায়নের সময় রিয়াল তাঁকে ২০২৭, ২০২৮ কিংবা ২০২৯ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর সুযোগ দিয়েছিল। তবে ভিনিসিয়ুস ২০২৭ সাল পর্যন্ত চুক্তিতেই সম্মতি দেন। তখন তাঁর ধারণা ছিল, ভবিষ্যতে আরও ভালো শর্তে নতুন চুক্তি করতে পারবেন।

সেই প্রত্যাশার প্রতিফলনও দেখা যায়। ২০২৪ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পাশাপাশি বিভিন্ন বোনাস মিলিয়ে তাঁর আয়ও বেড়েছে। তবে নতুন চুক্তির আলোচনায় মূল সমস্যা তৈরি হয়েছে পারিশ্রমিক ও নবায়ন বোনাস নিয়ে।

দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে রিয়ালের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ক্লাব বছরে প্রায় ২ কোটি ইউরো করমুক্ত আয়ের প্রস্তাব দেয়। তবে ভিনিসিয়ুসের পক্ষ থেকে প্রায় ৩ কোটি ইউরোর কাছাকাছি একটি প্যাকেজ চাওয়া হয়েছে।

এই প্যাকেজে বেতন, পারফরম্যান্স বোনাসের পাশাপাশি বড় অঙ্কের ‘নবায়ন বোনাস’ অন্তর্ভুক্ত রয়েছে। ভিনিসিয়ুসের ঘনিষ্ঠরা মনে করছেন, বেতন কাঠামোর সীমাবদ্ধতার কারণে এই বোনাসের মাধ্যমেই কাঙ্ক্ষিত আয় সম্ভব। তবে রিয়াল মাদ্রিদ এমন নজির তৈরি করতে আগ্রহী নয় বলে ধারণা করা হচ্ছে।

রিয়ালের আশঙ্কা, ভিনিসিয়ুসের দাবিতে সম্মতি দিলে ভবিষ্যতে অন্য খেলোয়াড়দের চুক্তি নবায়নের সময়ও একই ধরনের দাবি উঠতে পারে। তবে দুই পক্ষের মধ্যে আলোচনার সুযোগ এখনো রয়েছে।

এদিকে এই পরিস্থিতিকে কাজে লাগাতে চাইছে আর্সেনাল। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, লন্ডনের ক্লাবটি কয়েক মাস ধরে ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে। আর্সেনালের পক্ষ থেকে তাঁকে দলের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে বিবেচনা করার বার্তা দেওয়া হয়েছে।

ভিনিসিয়ুসের সামনে এখন মূলত তিনটি পথ খোলা রয়েছে—রিয়ালের সঙ্গে নতুন চুক্তিতে যাওয়া, চুক্তির শেষ পর্যন্ত অপেক্ষা করে ফ্রি এজেন্ট হওয়া অথবা নতুন ক্লাবে যোগ দেওয়া।

রিয়ালের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো, চুক্তি শেষ হলে দলবদল ফি ছাড়াই বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডকে হারানোর সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে আর্সেনালও অপেক্ষা করছে পরিস্থিতি কোন দিকে যায় তা দেখার জন্য।

ভিনিসিয়ুস শেষ পর্যন্ত রিয়ালের সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ করবেন, নাকি নতুন চ্যালেঞ্জের পথে হাঁটবেন—এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায় ফুটবল বিশ্ব।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page