ঢাকা ও আশপাশে ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক গঠনের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
ঢাকা ও আশপাশে ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবক গঠনের পরিকল্পনা

ভূমিকম্প-পরবর্তী উদ্ধার ও জরুরি সেবা নিশ্চিত করতে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে সরকার।

দেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় জরুরি প্রস্তুতি জোরদার করছে সরকার। ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও জরুরি সেবা নিশ্চিত করতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। দ্রুত আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবক যুক্ত করে লক্ষ্যমাত্রা পূরণ করা হবে।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, সম্ভাব্য ভূমিকম্পের পর দ্রুত উদ্ধারকাজ পরিচালনা, আহতদের সহায়তা এবং জরুরি সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামও সরবরাহ করা হবে, যাতে দুর্যোগের সময় তারা দ্রুত মাঠে কাজ করতে পারেন।

সভায় ভূমিকম্প মোকাবিলায় বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়, জরুরি সাড়া প্রদান এবং দুর্যোগ-পরবর্তী ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা হলে বড় ধরনের দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং উদ্ধার কার্যক্রম দ্রুত পরিচালনা করা সম্ভব হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায়।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানী ও আশপাশের এলাকায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতা আরও সুসংগঠিত হবে বলে আশা করা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন