জন্মদিনে খুরশীদ আলমকে বিশেষ সম্মান প্রচার হবে, হৃদয়ে কী সুর বাজে

বিনোদন প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ
জন্মদিনে খুরশীদ আলমকে বিশেষ সম্মান প্রচার হবে, হৃদয়ে কী সুর বাজে

জন্মদিন উপলক্ষে বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলমকে নিয়ে নির্মিত হয়েছে বিশেষ প্রামাণ্যচিত্র হৃদয়ে কী সুর বাজে।

বাংলা গানের কিংবদন্তি শিল্পী খুরশীদ আলম আজ (১ আগস্ট) ৮১ বছরে পা রাখলেন। ছয় দশকেরও বেশি সময় ধরে সংগীতাঙ্গনে অসামান্য অবদান রাখা এই বরেণ্য শিল্পী অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে কোটি শ্রোতার হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।

জন্মদিন উপলক্ষে তাঁকে বিশেষভাবে সম্মান জানাতে চ্যানেল আই নির্মাণ করেছে ‘হৃদয়ে কী সুর বাজে’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্র। এই আয়োজনের মধ্য দিয়ে শিল্পীর দীর্ঘ সংগীতজীবন, সংগ্রাম, সাফল্য এবং বাংলা গানে তাঁর অবদান তুলে ধরা হবে।

জন্মদিন প্রসঙ্গে খুরশীদ আলম জানান, তিনি কখনোই জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন উদযাপনের পক্ষপাতী নন। প্রতি বছরই দিনটি নীরবে কাটানোর চেষ্টা করেন। তবে এবার চ্যানেল আইয়ের বিশেষ উদ্যোগের কারণে জন্মদিনকে ঘিরে কিছু ব্যতিক্রমী আয়োজন থাকছে।

তিনি বলেন, ‘আমি কখনোই ঘটা করে জন্মদিন পালনের পক্ষপাতী নই। নিজের জন্মদিন সাধারণত নীরবে-নিভৃতে কেটে যায়। তবে এবার একটু ব্যতিক্রম। চ্যানেল আই আমার জন্মদিন উপলক্ষে “হৃদয়ে কী সুর বাজে” নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছে। এ কারণে জন্মদিন ঘিরে কিছু আয়োজন হচ্ছে।’

শিল্পী আরও জানান, জন্মদিন উপলক্ষে তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘তারকাকথন’-এ অংশ নেবেন। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী নীলু বিল্লাহ। দর্শকদের সঙ্গে স্মৃতিচারণা ও সংগীতজীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করবেন তিনি।

দীর্ঘ সংগীতজীবনে খুরশীদ আলম আধুনিক গান, দেশাত্মবোধক গান, চলচ্চিত্রের গান এবং বিভিন্ন ধারার সংগীতে সমান সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তাঁর কণ্ঠে গাওয়া বহু গান এখনও বাংলা সংগীতপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। জন্মদিনে ভক্ত, সহশিল্পী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন