ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলায় নিহত ৮

আন্তর্জাতিক সংবাদদাতা
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদির যৌথ হামলায় নিহত ৮

পিএমএফের ঘাঁটিতে যুক্তরাষ্ট্র-সৌদি হামলার প্রতীকী ছবি

ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) দাবি করেছে, ইরাকজুড়ে তাদের বিভিন্ন সদর দপ্তরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় আট সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২৯ জুলাই) ভোরে চালানো এই হামলার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর সমন্বয়ে ইরাকে অবস্থানরত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নির্দিষ্ট স্থাপনা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। সৌদি আরবের দাবি, ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা একাধিক ড্রোন তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রাজধানী রিয়াদের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে পাঠানো হয়েছিল, যা সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আঞ্চলিক উত্তেজনা বাড়াতে চায় না। তবে দেশের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, পিএমএফ এক বিবৃতিতে এই হামলাকে ‘চরম বিপজ্জনক পরিস্থিতি বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটির দাবি, এ ধরনের হামলা ইরাকের সার্বভৌমত্ব এবং দেশটির সরকারি নিরাপত্তা ব্যবস্থার ওপর সরাসরি লঙ্ঘন।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বৃহস্পতিবার সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে। এর আগে সৌদি আরবে হওয়া ড্রোন হামলার ঘটনায় তিনি তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

সোমবার ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, কোনো ভ্রাতৃপ্রতিম বা বন্ধুত্বপূর্ণ দেশের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

তবে ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ সৌদি আরবের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংগঠনটির দাবি, সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

তারা সৌদি আরবের অভিযোগকে ‘মনগড়া’ বলে দাবি করে সতর্ক করেছে, দেশটির যেকোনো বেপরোয়া পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।

সূত্র: আলজাজিরা

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন