ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ, আসছে নতুন ইউজারনেম ফিচার

প্রযুক্তি বিষয়ক প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ, আসছে নতুন ইউজারনেম ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম ফিচার, ফলে ফোন নম্বর শেয়ার ছাড়াই যোগাযোগ করা যাবে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় ধরনের প্রাইভেসি আপডেট আনছে। নতুন এই ফিচার চালু হলে ব্যক্তিগত মোবাইল নম্বর শেয়ার না করেও কেবল একটি ইউজারনেম ব্যবহার করে অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে।

মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে ধাপে ধাপে বিশ্বব্যাপী ফিচারটি চালু করা হবে। এর আগে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের এবং অনন্য ইউজারনেম আগাম রিজার্ভ করার সুযোগ পাবেন। ফিচারটি চালু হলে ফোন নম্বর গোপন রেখে শুধু ইউজারনেম দিয়েই চ্যাট শুরু করা যাবে।

হোয়াটসঅ্যাপের প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালিস নিউটন-রেক্স জানিয়েছেন, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যেই এই ফিচার তৈরি করা হয়েছে। কারও সঙ্গে প্রথমবার যোগাযোগ করতে হলে তার সঠিক ইউজারনেম জানতে হবে।

পাবলিক তালিকা থাকবে না

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজারনেমের কোনো পাবলিক ডিরেক্টরি বা উন্মুক্ত তালিকা থাকবে না। এমনকি সার্চ করার সময় অটো-সাজেশন বা সম্ভাব্য নামও দেখানো হবে না। ফলে সঠিক ইউজারনেম ছাড়া কাউকে খুঁজে পাওয়া সম্ভব হবে না। এতে স্প্যাম, অনাকাঙ্ক্ষিত বার্তা এবং অচেনা ব্যক্তির যোগাযোগের ঝুঁকি অনেকটাই কমবে।

আগে থেকেই ইউজারনেম বুক করার সুযোগ

আকর্ষণীয় ও ছোট ইউজারনেমের চাহিদা বিবেচনায় রেখে মূল রোলআউটের আগেই ব্যবহারকারীদের জন্য নাম সংরক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রামে ভেরিফায়েড ব্যবসা প্রতিষ্ঠান, সংস্থা এবং কনটেন্ট ক্রিয়েটররা হোয়াটসঅ্যাপেও একই ইউজারনেম আগে দাবি করতে পারবেন।

ইউজারনেমের নিয়ম

নতুন নীতিমালা অনুযায়ী, একটি ইউজারনেম সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৩৫ অক্ষরের হতে পারবে। ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খোলা ঠেকাতে জনপ্রিয় ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান ও সেলিব্রিটিদের নাম আগেই সংরক্ষণ বা ব্লক করে রাখবে হোয়াটসঅ্যাপ।

বর্তমানে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট নম্বর ব্লক করা বা অজানা নম্বরের কল সাইলেন্ট করার সুবিধা থাকলেও, নতুন ইউজারনেম ব্যবস্থা চালু হলে এটি প্ল্যাটফর্মটির ইতিহাসে অন্যতম বড় প্রাইভেসি আপডেট হিসেবে বিবেচিত হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন