ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে বিশ্ববাজারে আসছে চীনের বিলিবিলি
ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় বৈশ্বিক বাজারে বড় পরিসরে আসছে বিলিবিলি।
চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলিবিলি এবার আন্তর্জাতিক বাজারে বড় পরিসরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বের অন্যতম বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের বিকল্প হিসেবে নিজেদের অবস্থান শক্ত করতে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অ্যাপ নতুনভাবে চালু করেছে। পাশাপাশি ইংরেজি ভাষার ওয়েবসাইট চালুর পরিকল্পনাও করছে তারা।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সেমাফোরের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপসহ বিশ্বের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে বিলিবিলি। এ জন্য বিভিন্ন দেশে নতুন কর্মী নিয়োগের প্রস্তুতিও নিচ্ছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে বিলিবিলির মূল চীনা ভাষার প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে ব্যবহার করা যায়। প্রতিষ্ঠানটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৭ কোটি ৬০ লাখ। এবার আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থান তৈরি করে ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায় চীনা এই ভিডিও প্ল্যাটফর্ম।
আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তা বাড়াতে ইতোমধ্যে পশ্চিমা কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বিলিবিলি। জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্টসহ কয়েকজন পশ্চিমা নির্মাতা এরই মধ্যে বিলিবিলির চীনা সংস্করণে ভিডিও প্রকাশ করেছেন।
কনটেন্ট নির্মাতাদের জন্য বিলিবিলির পক্ষ থেকে তৈরি করা একটি উপস্থাপনায় জানানো হয়েছে, শিগগিরই ইংরেজি সংস্করণের ওয়েবসাইট চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের কাছে প্ল্যাটফর্মটির গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিদেশি ব্যবহারকারীদের জন্য আন্তর্জাতিক অ্যাপের নতুন সংস্করণে পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে। ফলে ব্যবহারকারীরা পাসপোর্ট বা অন্য কোনো পরিচয়পত্র ছাড়াই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
বৈশ্বিক সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, যুক্তরাজ্যের লন্ডন, মেক্সিকোর মেক্সিকো সিটি, ব্রাজিলের সাও পাওলো, তুরস্কের ইস্তাম্বুল এবং জাপানের টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের পরিকল্পনা করছে বিলিবিলি।
এ ছাড়া কনটেন্ট নির্মাতাদের আয় বাড়ানোর জন্য নতুন উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। নির্মাতাদের সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের স্পনসরশিপের সুযোগ তৈরি করতে একটি মার্কেটপ্লেস চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বৈশ্বিক কনটেন্ট পর্যবেক্ষণ ব্যবস্থা তৈরির কাজও করছে বিলিবিলি।
তবে আন্তর্জাতিক বাজারে বড় পরিসরে প্রবেশের ক্ষেত্রে বিলিবিলিকে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। বিশেষ করে কনটেন্ট নিয়ন্ত্রণ, সেন্সরশিপ এবং ব্যবহারকারীর তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রে টিকটককে ঘিরে যে ধরনের রাজনৈতিক ও নিরাপত্তা বিতর্ক তৈরি হয়েছিল, বৈশ্বিক পর্যায়ে সম্প্রসারণের পর বিলিবিলিকেও একই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
