ব্রাজিলের সামনে নরওয়ের ভাইকিং চ্যালেঞ্জ, থামবে কি হলান্ডদের নৌকা?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
ব্রাজিলের সামনে নরওয়ের ভাইকিং চ্যালেঞ্জ, থামবে কি হলান্ডদের নৌকা?

আইভরিকোস্টকে হারিয়ে শেষ ষোলোয় ওঠা নরওয়ের সামনে এবার ব্রাজিলের চ্যালেঞ্জ।

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় অন্যতম আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ের মধ্যে। আইভরিকোস্টকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট ম্যাচ জিতে শেষ ষোলোয় উঠেছে নরওয়ে। এবার তাদের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

আইভরিকোস্টের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর নরওয়ের ফুটবলারদের ‘ভাইকিং রো’ উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের ড্রামের তালে আর্লিং হলান্ড, আন্তনিও নুসা, আলেক্সান্ডার সরলথসহ পুরো দল বৈঠা বাইবার ভঙ্গিতে উদযাপন করে, যা নরওয়ের ভাইকিং ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত।

বিশ্বকাপে এবার নরওয়ের যাত্রা শুরু থেকেই ছিল আত্মবিশ্বাসী। গ্রুপ পর্বে ইরাককে ৪-১ এবং সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে আগেভাগেই নকআউট নিশ্চিত করে তারা। যদিও শেষ ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ গোলে হেরেছিল, তবে নকআউটে আইভরিকোস্টকে হারিয়ে আবারও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি।

ম্যাচের ৩৯তম মিনিটে গোল করে নরওয়েকে এগিয়ে দেন আন্তনিও নুসা। মাত্র ২১ বছর ৭৪ দিন বয়সে বিশ্বকাপ বা ইউরো মিলিয়ে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে নরওয়ের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন তিনি।

নুসার গোলের পেছনে ছিল মার্টিন ওডেগার্ডের নিখুঁত অ্যাসিস্ট। এর মাধ্যমে ১৯৬৬ সালের পর নিজের প্রথম তিন বিশ্বকাপ ম্যাচের প্রতিটিতে অ্যাসিস্ট করা মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে নাম লেখান আর্সেনাল তারকা। এর আগে এই কীর্তি ছিল ইগর বেলানভ ও মাইকেল বালাকের।

অন্যদিকে আর্লিং হলান্ড আবারও বড় ম্যাচে নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। পুরো ম্যাচে তুলনামূলক কম বল পেলেও ৮৬তম মিনিটে গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন তিনি। চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল।

নরওয়ের শক্তি শুধু হলান্ড বা ওডেগার্ড নন। নুসা, প্যাট্রিক বার্গ, সরলথসহ একাধিক খেলোয়াড় ধারাবাহিকভাবে অবদান রাখছেন। ফলে দলটি একক তারকার ওপর নির্ভরশীল নয়, বরং সমন্বিত পারফরম্যান্সেই এগিয়ে যাচ্ছে।

আগামী ৫ জুলাই শেষ ষোলোর ম্যাচে এই ছন্দ ধরে রাখতে পারলে ব্রাজিলকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে নরওয়ে। অন্যদিকে সেলেসাওর লক্ষ্য থাকবে ভাইকিংদের দুর্দান্ত যাত্রা থামিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করা।

এখন দেখার বিষয়, ব্রাজিল কি নরওয়ের ‘ভাইকিং রো’ থামাতে পারে, নাকি হলান্ড-ওডেগার্ডদের নৌকা আরও এক ধাপ এগিয়ে যায়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন