একদিনে দুই ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান, আহত অন্তত ২০

reporter
আন্তর্জাতিক সংবাদদাতা
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
একদিনে দুই ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-পাকিস্তান, আহত অন্তত ২০

একই দিনে আফগানিস্তান ও পাকিস্তানে দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

আফগানিস্তান ও পাকিস্তানে একই দিনে শক্তিশালী দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমে পাকিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক ঘণ্টা পর আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে রিখটার স্কেলে ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এতে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, শনিবার সংঘটিত ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটার গভীরে। গভীরে উৎপত্তি হওয়ায় কম্পন বিস্তৃত এলাকায় অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তবে পাকিস্তানে আগের ভূমিকম্পে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির বেলুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। জেলার ডেপুটি কমিশনার আবদুল রাজ্জাক খাজাক বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভূমিকম্পে কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ আতঙ্কে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন।

বেলুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ১২৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাঁবু, খাদ্যসামগ্রী, সৌর প্যানেল, কম্বলসহ প্রয়োজনীয় সহায়তা পাঠানো হয়েছে।

এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়। স্থানীয় বাসিন্দা দানিয়াল আহমদ জানান, ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। তাঁর ভাষায়, কম্পন ছিল বেশ শক্তিশালী এবং কয়েক সেকেন্ড ধরে অনুভূত হয়েছে।

ভূমিকম্পের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

আফগানিস্তান ও পাকিস্তান হিন্দুকুশ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে এই অঞ্চলে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

সূত্র: রয়টার্স

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন