নেত্রকোনায় ১২০ টাকায় পুলিশে ৪২ তরুণের চাকরি

Netrobangla24 Desk
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
নেত্রকোনায় ১২০ টাকায় পুলিশে ৪২ তরুণের চাকরি

মাত্র ১২০ টাকা আবেদন ফিতে কোনো ধরনের ঘুষ, সুপারিশ কিংবা দালালের হস্তক্ষেপ ছাড়াই নেত্রকোনায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ৪২ জন তরুণ-তরুণী। মেধা ও যোগ্যতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া এ নিয়োগে আনন্দ ও আবেগে ভাসেন নির্বাচিতরা এবং তাদের পরিবার।
রোববার (১৭ মে) রাতে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর পুলিশ সুপারের কার্যালয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সরকারি শিশু পরিবারে (এতিমখানা) দীর্ঘ ১১ বছর বেড়ে ওঠা কামরুল ইসলাম ফলাফল শুনে কান্নায় ভেঙে পড়েন। মাত্র ১২০ টাকায় চাকরি পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও পূর্বধলার মাইমুনা আক্তার জলি, মদনের কৃষকপুত্র সোহাগ মিয়া এবং কেন্দুয়ার সিদরাতুল হাসানের মতো সংগ্রামী তরুণ-তরুণীরাও নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে স্বপ্নপূরণ করেছেন।
চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে উত্তীর্ণদের ফুলেল শুভেচ্ছা জানান নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ সময় তিনি নবনিযুক্তদের উদ্দেশ্যে বলেন,
“তোমরা ১২০ টাকায় চাকরি পেয়েছো। প্রশিক্ষণ শেষে জনগণ যেন তোমাদের কাছ থেকে নিপীড়ন নয়, প্রকৃত সেবা পায়।”
তিনি আরও বলেন, ট্রেনিংয়ে যোগদানের আগ পর্যন্ত কেউ যেন মোটরসাইকেল চালানো, বিয়ে করা কিংবা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।
স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত এ নিয়োগ কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানদের জন্য এটি নতুন আশার বার্তা হয়ে এসেছে।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন