বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-প্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ উত্তীর্ণ ১৪ হাজার ৯৪২ প্রার্থী, মৌখিক পরীক্ষার অপেক্ষা
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে সারাদেশে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এনটিআরসিএ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত শনিবার রাজধানীর নয়টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের নিয়োগ পরীক্ষায় দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের জন্য প্রার্থীরা অংশ নেন। মোট ১২ হাজার ৯৫১টি শূন্যপদের বিপরীতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ প্রক্রিয়ায় মোট ৫৩ হাজার ৬৯ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন। ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষার ফলের ভিত্তিতে প্রাথমিকভাবে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়েছে। পরবর্তী ধাপে উত্তীর্ণদের ৮ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আরও ১২ নম্বর যুক্ত হবে।
এর আগে এনটিআরসিএ জানায়, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
সব মিলিয়ে দীর্ঘ প্রক্রিয়ার এই নিয়োগ পরীক্ষা এখন মৌখিক ধাপের দিকে অগ্রসর হচ্ছে, যা শেষ হলে চূড়ান্তভাবে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব পর্যায়ে নতুন নিয়োগ সম্পন্ন হবে।

আপনার মতামত লিখুন
Array