পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশে নতুন টাকার চাহিদা আবারও বেড়েছে। প্রতি বছর ঈদের সময় সালামি দেওয়ার জন্য নতুন নোট সংগ্রহে আগ্রহী হন অনেকেই। তবে এ বছর ব্যাংকে পর্যাপ্ত নতুন নোট না থাকায় অনেককে খোলাবাজার থেকেই বাড়তি দামে নতুন টাকা কিনতে হচ্ছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, নতুন নোটের একটি বান্ডিল কিনতে গ্রাহকদের ৩০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।
আরও পড়ুন-১০ মার্চ শুরু ফ্যামিলি কার্ড মাসে মিলবে ২৫০০ টাকা
প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে নতুন নোটের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। পরিবারের ছোট সদস্য ও আত্মীয়স্বজনদের সালামি দেওয়ার জন্য অনেকেই আগেভাগেই নতুন টাকা সংগ্রহ করার চেষ্টা করেন। এ কারণে ব্যাংক ও বাজারে নতুন নোটের চাহিদা হঠাৎ করে বেড়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ে। তবে চলতি বছর এখনো পর্যন্ত নতুন নোট ছাড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। গত বছরও সীমিত পরিসরে মাত্র প্রায় ৫০০ কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়েছিল। ফলে এ বছর ব্যাংকগুলোতে নতুন নোটের সরবরাহ কম থাকায় গ্রাহকদের চাহিদা পূরণ করা যাচ্ছে না।
বুধবার রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন খোলাবাজারে নতুন নোট বিক্রি হচ্ছে বাড়তি দামে। সেখানে ১০, ২০ ও ১০০ টাকার নতুন নোটের প্রতি বান্ডিল প্রায় ৪০০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। এছাড়া ৫০ টাকার বান্ডিলে প্রায় ৩০০ টাকা এবং ৫০০ টাকার বান্ডিলে ৮০০ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।
খোলাবাজারের বিক্রেতারা বলছেন, নতুন নোটের সরবরাহ খুবই সীমিত। বিভিন্ন মাধ্যমে যে অল্প পরিমাণ নতুন নোট পাওয়া যাচ্ছে, সেগুলো সংগ্রহ করতেও তাদের বেশি টাকা দিতে হচ্ছে। তাই তারা বাধ্য হয়ে বাড়তি দামে বিক্রি করছেন।
বাংলাদেশ ব্যাংকের সামনে বটতলা এলাকায় নতুন নোট সংগ্রহ করতে আসা বেসরকারি চাকরিজীবী গোলাম মোস্তফা বলেন, ব্যাংকগুলোতে ঘুরেও নতুন নোট পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে খোলাবাজারে এসেছি। কিন্তু এখানে যে পরিমাণ অতিরিক্ত দাম চাওয়া হচ্ছে, তা সাধারণ মানুষের জন্য অনেক বেশি।
ব্যাংক খাতে সংশ্লিষ্টরা বলছেন, নতুন নোটের সরবরাহ সীমিত থাকায় বাজারে এর মূল্য বেড়ে গেছে। যদি কেন্দ্রীয় ব্যাংক দ্রুত নতুন নোট বাজারে ছাড়ে, তাহলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে।
আরও পড়ুন-ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ডে’ সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔









