‘একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভক্ত রাখা হয়েছে’: নূরুল ইসলাম সাদ্দাম

প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
‘একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভক্ত রাখা হয়েছে’: নূরুল ইসলাম সাদ্দাম

নূরুল ইসলাম সাদ্দামের বক্তব্য

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘সবসময়ই আমাদের শেখানো হয় একাত্তরের চেতনা। এই চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রাখা হয়েছে।’

রোববার (৪ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জাতি যেন সামনে এগিয়ে যেতে না পারে, সে জন্য পেছন থেকে টেনে ধরার চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, অন্য অনেক জাতিও যুদ্ধ ও ধ্বংসের মধ্য দিয়ে গেছে। উদাহরণ হিসেবে তিনি ১৯৪৫ সালের জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর ভাষ্য, এসব দেশ পরবর্তীতে ঘুরে দাঁড়িয়ে বিশ্বে নিজেদের অবস্থান তৈরি করেছে।

তিনি আরও বলেন, ‘আমি এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের আলো-বাতাসে বেড়ে উঠেছি। আমাকে বলা হয়, ৯০ সালের পরে জন্মগ্রহণ করলেও তুমি রাজাকার, তুমি আলবদর, আল-শামস। তোমাকে হত্যা করা হবে, দেশ থেকে বের করে দেওয়া হবে।’

নিজের বক্তব্যের ব্যাখ্যায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, তিনি দেশে জন্মেছেন, কর দেন এবং দেশের ও মানুষের কথা ভাবেন। তাঁর দাবি, তিনি দুর্নীতি, মানুষের সম্পদ লোপাট, চাঁদাবাজি বা টেন্ডারবাজির সঙ্গে যুক্ত নন। এরপরও তাঁকে ‘রাজাকার’ বলা হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় জন্ম না হলেও কাউকে ‘চেতনায় রাজাকার’ হিসেবে আখ্যায়িত করার মাধ্যমে জাতিকে বিভক্ত রাখা হচ্ছে। তাঁর মতে, গত ৫৫ বছরে দেশের সামনে এগিয়ে যেতে না পারার পেছনে এটি অন্যতম একটি কারণ।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শিবিরের সভাপতি মোহা. আব্দুল্লাহ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ হোসাইন আহমদ মেহদী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মেহেদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম আহমেদ, রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শিবির ও জামায়াতের নেতৃবৃন্দ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page