৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, গাছ লাগিয়ে দিতে হবে তথ্য

প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, গাছ লাগিয়ে দিতে হবে তথ্য

মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করা গাছের তথ্য চেয়েছে অধিদপ্তর।

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কতটি গাছ লাগানো হয়েছে, সে তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে রোপণ করা গাছের ছবিও পাঠাতে বলা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. দীন মিয়া স্বাক্ষরিত চিঠিটি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় কী পরিমাণ বৃক্ষরোপণ করা হয়েছে, তার তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে রোপণ করা গাছের তথ্য ও ছবিসহ নির্ধারিত ছকে পাঠাতে হবে।

অধিদপ্তরের দেওয়া ছকে বৃক্ষরোপণের স্থান, রোপণ করা বৃক্ষের প্রজাতির নাম, বৃক্ষের সংখ্যা ও বৃক্ষরোপণের তারিখ উল্লেখ করতে হবে। পাশাপাশি বৃক্ষরোপণের সুনির্দিষ্ট এলাকা বা ভৌগোলিক কো-অর্ডিনেট, পরিচর্যাকারীর নাম ও মোবাইল নম্বর এবং মনিটরিং কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া ছকের মন্তব্যের ঘরে প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য দেওয়ার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে নিজেদের প্রতিষ্ঠানে কর্মসূচির আওতায় রোপণ করা গাছের তথ্য সঠিকভাবে সংগ্রহ করে নির্ধারিত ছকে পূরণ করতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, তথ্যের সঙ্গে রোপণ করা গাছের ছবিও পাঠাতে হবে। নির্ধারিত ছক অনুযায়ী তথ্য প্রস্তুত করে দুই কর্মদিবসের মধ্যে অধিদপ্তরের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি ও রোপণ করা গাছের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page