মাভাবিপ্রবিতে দুই বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ, প্রশিক্ষণ হলো যে বিষয়ে

প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে দুই বিভাগের শিক্ষকদের প্রশিক্ষণ, প্রশিক্ষণ হলো যে বিষয়ে

BAC অ্যাক্রেডিটেশনের প্রস্তুতিতে মাভাবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে ‘BAC অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত নিশ্চয়তা সেল (IQAC) কনফারেন্স রুমে IQAC-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আনিছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন IQAC-এর পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল নাসির। অনুষ্ঠান সঞ্চালনা করেন IQAC-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার, মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদসহ ব্যবস্থাপনা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা অংশ নেন।

দিনব্যাপী প্রশিক্ষণে BAC অ্যাক্রেডিটেশনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল প্রাতিষ্ঠানিক কাঠামো ও সহায়তা, কোর্স আউটলাইন প্রস্তুত, কোর্স ফাইল সংরক্ষণ, CLO ও PLO সংশোধন, মূল্যায়ন কৌশল এবং গুণগত নিশ্চয়তা (QA) কার্যক্রম।

প্রশিক্ষণের দ্বিতীয় পর্বে দুপুরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর কোর্স আউটলাইন প্রস্তুতের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষকদের ব্যবহারিকভাবে কারিকুলাম ব্যবস্থাপনার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।

দিনব্যাপী প্রশিক্ষণের শেষে প্রশ্নোত্তর পর্ব এবং গুণগত নিশ্চয়তা (QA) সেশন অনুষ্ঠিত হয়। পরে সমাপনী পর্বের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতি অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page