কৃষকদের সম্মানে রাষ্ট্রপতির নতুন উদ্যোগ, আসছে কৃষি পুরস্কার

প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
কৃষকদের সম্মানে রাষ্ট্রপতির নতুন উদ্যোগ, আসছে কৃষি পুরস্কার

কৃষকদের অবদানের স্বীকৃতিতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।

কৃষকদের অবদানকে স্বীকৃতি দিতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষি ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের জন্য কৃষকদের সম্মান জানাতে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল মজেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ উদ্যোগের কথা জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ। তাদের শ্রম, ঘাম ও নিষ্ঠার কারণেই দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং অর্থনীতি এগিয়ে যাচ্ছে। কৃষকদের যথাযথ সম্মান জানাতে এবং কৃষি ক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসাধারণ অবদানের স্বীকৃতি দিতে রাষ্ট্রপতি কৃষি পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, কৃষকরা সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কৃষকদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া এবং কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা প্রয়োজন।

রাষ্ট্রপতি আরও বলেন, কৃষকের ঘাম ও পরিশ্রমের ফলেই দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে। কৃষকদের উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। কৃষকদের স্বার্থে গৃহীত উদ্যোগগুলো আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

সাক্ষাৎকালে বাংলাদেশ কৃষক সমিতির প্রতিনিধিদল কৃষকদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এর মধ্যে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বিনা সুদে বা স্বল্প সুদে কৃষিঋণের ব্যবস্থা, কৃষকদের স্বীকৃতি দিতে কৃষক দিবস উদযাপন ও জাতীয় পর্যায়ে কৃষি পুরস্কার প্রদান, শস্য বিমা চালু, উপজেলা-জেলা পর্যায়ের কৃষি বিষয়ক কমিটিতে কৃষক প্রতিনিধিত্ব এবং কৃষি উপকরণের সহজলভ্য সরবরাহের বিষয়গুলো ছিল।

রাষ্ট্রপতি প্রতিনিধিদলের বক্তব্য শোনেন এবং কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সরকারকে অবহিত করার আশ্বাস দেন। একই সঙ্গে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষি শিক্ষার প্রসার এবং উৎপাদন ব্যবস্থায় নতুন প্রযুক্তি যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

তিনি বলেন, দেশে উৎপাদিত ফলমূল, কৃষিজাত পণ্য ও প্রক্রিয়াজাত পণ্যের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। কৃষি খাতে আরও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন বাজার তৈরির মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর সুযোগ রয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ কৃষক সমিতির নেতারা কৃষকদের উন্নয়নে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন এবং কৃষি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page