রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ণ
রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস

নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি

গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে নারীদের জন্য নির্ধারিত এই বাস সার্ভিস পরিচালনা করবেন নারী চালক ও কন্ডাক্টর।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বিআরটিসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরাই দায়িত্ব পালন করবেন।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ আগস্ট সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর মাধ্যমে গণপরিবহনে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে মনে করা হচ্ছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page