অ্যামাজনকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

reporter
ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৫২ অপরাহ্ণ
অ্যামাজনকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

অ্যামাজনকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান স্পেসএক্স নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। বাজারমূল্যের দিক থেকে বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট অ্যামাজনকে ছাড়িয়ে পঞ্চম বৃহত্তম প্রতিষ্ঠানের অবস্থানে উঠে এসেছে কোম্পানিটি।

সাম্প্রতিক শেয়ার লেনদেনে স্পেসএক্সের শেয়ারের দাম ১৪ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ২ দশমিক ৮৯ ট্রিলিয়ন মার্কিন ডলারে। একই সময়ে অ্যামাজনের বাজারমূল্য ছিল প্রায় ২ দশমিক ৬৭ ট্রিলিয়ন ডলার। ফলে বাজারমূল্যের হিসেবে অ্যামাজনকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে স্পেসএক্স।

এক পর্যায়ে স্পেসএক্সের বাজারমূল্য মাইক্রোসফটকেও ছাড়িয়ে যায়। যদিও লেনদেন শেষে মাইক্রোসফট ২ দশমিক ৯২ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে চতুর্থ স্থানে অবস্থান ধরে রাখে। বর্তমানে স্পেসএক্সের ওপরে রয়েছে এনভিডিয়া, অ্যালফাবেট, অ্যাপল এবং মাইক্রোসফট।

বিশ্বের প্রযুক্তি খাতের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবং তৃতীয় স্থানে অ্যাপল। এরপর রয়েছে মাইক্রোসফট ও স্পেসএক্স।

বিশ্লেষকদের মতে, স্পেসএক্সের এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে সম্প্রতি চালু হওয়া নতুন ‘স্টক অপশন’ সুবিধা। এর ফলে বিনিয়োগকারীরা সহজে শেয়ার লেনদেনের সুযোগ পাচ্ছেন এবং প্রতিষ্ঠানটির প্রতি আগ্রহও বেড়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এক দিনে স্পেসএক্সের শেয়ার লেনদেনের পরিমাণ এনভিডিয়া, মাইক্রোসফট, টেসলা এবং অ্যাপলের সম্মিলিত লেনদেনকেও ছাড়িয়ে গেছে। যা বিনিয়োগকারীদের মধ্যে প্রতিষ্ঠানটির জনপ্রিয়তার নতুন ইঙ্গিত দিচ্ছে।

এদিকে শেয়ারবাজারে সাফল্যের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও বড় পদক্ষেপ নিয়েছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটি জনপ্রিয় এআই কোডিং প্ল্যাটফর্ম ‘কারসর’-এর নির্মাতা সফটওয়্যার কোম্পানি অ্যানিস্ফিয়ার অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। প্রায় ৬০ বিলিয়ন ডলারের এই চুক্তি প্রযুক্তি খাতের অন্যতম বড় অধিগ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, এই অধিগ্রহণের মাধ্যমে ইলন মাস্কের এআই প্রতিষ্ঠান এক্সএআই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। একই সঙ্গে মহাকাশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সফটওয়্যার উন্নয়নের সমন্বয়ে নতুন সম্ভাবনার দ্বারও খুলে যেতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

 

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন