বাংলাদেশিদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, দূতাবাসে না গিয়েই মিলবে ই-ভিসা

প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
বাংলাদেশিদের জন্য সৌদির নতুন ভিসা সুবিধা, দূতাবাসে না গিয়েই মিলবে ই-ভিসা

বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ই-ভিসা ও ভ্রমণ সুবিধা চালু করেছে সৌদি আরব।

১৩১

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ই-ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় একটি বুকিংয়ের মাধ্যমেই রিটার্ন বিমান টিকিট, হোটেল বুকিং এবং ইলেকট্রনিক পর্যটক ভিসা (ই-ভিসা) একসঙ্গে পাওয়া যাবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন করা বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকো—এই সাত দেশের নাগরিকদের জন্য নতুন সুবিধা চালু করা হয়েছে। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের নাগরিকদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে।

নতুন ব্যবস্থায় অনুমোদিত ভ্রমণ সংস্থার মাধ্যমে একটি সমন্বিত প্যাকেজ বুকিং করলেই প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হবে। বুকিংয়ের সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। এরপর আবেদনকারী ই-মেইলে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পেয়ে যাবেন।

বর্তমানে রিজারভাল (Reserval) এবং আলমোসাফের (Almosafer) নামের দুটি অনুমোদিত ভ্রমণ সংস্থা এ সেবা দিচ্ছে।

নতুন পর্যটক ভিসার মেয়াদ হবে তিন মাস। এই ভিসায় একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সর্বনিম্ন ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল করে যোগ হবে। এছাড়া ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২.২১ সৌদি রিয়াল।

ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, বিনোদন বা পর্যটন কার্যক্রমের টিকিটও যুক্ত করতে পারবেন।

তবে এই প্যাকেজের আওতায় মক্কা ও মদিনায় উমরাহ পালনের কোনো সেবা অন্তর্ভুক্ত নয়। যদিও বৈধ পর্যটক ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির বিভিন্ন পর্যটনস্থানের পাশাপাশি মক্কা ও মদিনা সফর করতে পারবেন, তবে এই প্যাকেজ উমরাহ আয়োজনের জন্য নয়।

এছাড়া ফ্লাইট বা হোটেল বুকিং অনিবার্য কারণে বাতিল হলে অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ভ্রমণসেবা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

সূত্র: Gulf News

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page