স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে আমরা প্রায়ই ‘রিস্টার্ট’ (Restart) এবং ‘রিবুট’ (Reboot) অপশন দেখে থাকি। অনেকেই মনে করেন এই দুই ফিচারের কাজ একই। কিন্তু বাস্তবে প্রযুক্তিগত দিক থেকে এদের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য।
আরও পড়ুনঃ- স্মার্টফোনই এখন পেমেন্ট মেশিন এমটিবির ‘মুঠো পে’ প্রযুক্তিতে নতুন যুগ
ফোন হ্যাং করলে, স্লো হয়ে গেলে কিংবা সফটওয়্যার আপডেটের পর আমরা সাধারণত রিস্টার্ট বা রিবুট করি। তবে কোনটি ফোনের জন্য বেশি কার্যকর, কোনটিতে ব্যাটারি কম খরচ হয় কিংবা সিস্টেম ক্লিনিংয়ের জন্য কোন অপশন ভালো—এসব বিষয়ে পরিষ্কার ধারণা অনেকেরই নেই।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ‘বুট’ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ডিভাইস সম্পূর্ণ বন্ধ অবস্থা থেকে চালু হয়ে অপারেটিং সিস্টেমে প্রবেশ করে। আর ‘রিবুট’ বলতে বোঝায় সচল অবস্থায় থাকা ডিভাইসকে সফটওয়্যারের মাধ্যমে আবার চালু করা।
অন্যদিকে ‘রিস্টার্ট’ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার পুরোপুরি বন্ধ হয়ে আবার নতুন করে চালু হয়। সাধারণত বড় সফটওয়্যার আপডেট, সেটিংস পরিবর্তন বা সিস্টেমজনিত সমস্যার পর ফোন রিস্টার্ট করার প্রয়োজন পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, রিবুটের তুলনায় রিস্টার্ট বেশি সময় নেয়। কারণ রিস্টার্টের সময় ফোনের প্রসেসর, মেমোরি ও অন্যান্য হার্ডওয়্যার নতুন করে পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় ডেটা আবার লোড হয়। এতে ব্যাটারিও তুলনামূলক বেশি খরচ হয়।
অন্যদিকে রিবুট প্রক্রিয়াটি তুলনামূলক দ্রুত সম্পন্ন হয়। কারণ এতে ফোন পুরোপুরি বন্ধ হয় না এবং কিছু ধাপ স্বয়ংক্রিয়ভাবে এড়িয়ে সরাসরি অপারেটিং সিস্টেমে প্রবেশ করে। ফলে ব্যাটারি খরচও কিছুটা কম হয়।
তবে পারফরম্যান্সের দিক থেকে রিস্টার্টকে বেশি কার্যকর মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কারণ রিস্টার্টের সময় ফোনে জমে থাকা অপ্রয়োজনীয় ক্যাশ ও জাঙ্ক ডেটা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। এতে ফোন আগের তুলনায় দ্রুত ও মসৃণভাবে কাজ করতে শুরু করে।
অন্যদিকে রিবুট করার সময় সিস্টেমের অস্থায়ী ডেটা পুরোপুরি পরিষ্কার হয় না। ফলে ফোন অতিরিক্ত স্লো হয়ে গেলে বা দীর্ঘদিন ব্যবহারের কারণে হ্যাং করলে শুধুমাত্র রিবুট করে সবসময় সমাধান পাওয়া যায় না।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ব্যবহারের মাঝে মাঝেমধ্যে ফোন রিস্টার্ট করা ভালো অভ্যাস। এতে শুধু ফোনের গতি বাড়ে না, বরং ব্যাটারি ও সিস্টেমের কার্যকারিতাও দীর্ঘদিন ভালো থাকে।
📌 সূত্রঃ Smartphone System Experts, Android Support
আরও পড়ুনঃ- দামি স্মার্টফোন কিনলেই কি লাভ বেশি, নাকি মিড-রেঞ্জ ফোনই এখন যথেষ্ট









