পানছড়িতে ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি নাগরিক পরিষদের
সভায় বক্তব্য রাখছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক আব্দুল মজিদ।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পার্বত্য অঞ্চলে ভূমি দখলের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি পানছড়িতে একটি ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানানো হয়। একইসঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের আহ্বান জানান সংগঠনটির নেতারা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পানছড়ি উপজেলা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নাগরিক পরিষদের সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ।
সভায় বক্তারা বলেন, পার্বত্য এলাকায় ভূমি দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। পানছড়ির নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক স্থিতিশীলতা বিবেচনায় নিয়ে এখানে একটি ক্যান্টনমেন্ট স্থাপনেরও দাবি জানান তারা।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। পরিষদের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে, সেগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা নাগরিক পরিষদের সদস্য সচিব এরশাদ, পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাসুদ, সাংগঠনিক সম্পাদক মো. হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিচিতি সভা শেষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পানছড়ি উপজেলা শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
