দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা হাজারো চাকরিপ্রার্থীর জন্য অনিশ্চয়তার খবর এসেছে। প্রবেশ পর্যায়ে প্রায় ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৯ম গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি থাকলেও বর্তমানে সেই প্রক্রিয়া থমকে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে শূন্য পদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছিল। এমনকি নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি সম্ভাব্য রোডম্যাপ তৈরির পরিকল্পনাও ছিল। তবে সংস্থার চেয়ারম্যান পদে পরিবর্তনের পর পুরো প্রক্রিয়ায় স্থবিরতা তৈরি হয়েছে।
আরও পড়ুন-স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ২৮০ পদে নিয়োগ
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিয়মিত চেয়ারম্যান না থাকায় গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণে জটিলতা দেখা দিয়েছে। ফলে ৯ম গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি আপাতত অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
প্রস্তুতি থাকলেও আটকে আছে প্রক্রিয়া
এনটিআরসিএ সূত্রের দাবি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত শূন্য পদের তথ্য যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। যাচাই সম্পন্ন হওয়ার পরপরই গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনিক পরিবর্তনের কারণে সেই উদ্যোগ আর এগোতে পারেনি।
এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চেয়ারম্যানের পদ কার্যত শূন্য থাকায় শুধু ৯ম গণবিজ্ঞপ্তিই নয়, এনটিআরসিএর অনেক গুরুত্বপূর্ণ কাজই ধীরগতিতে চলছে। বর্তমানে রুটিন কার্যক্রম ছাড়া বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, “নিয়মিত চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ফলে পুরো নিয়োগ প্রক্রিয়াই অপেক্ষার মধ্যে রয়েছে।”
চাকরিপ্রার্থীদের উদ্বেগ
৯ম গণবিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হাজারো প্রার্থী। অনেকেই আশা করেছিলেন, চলতি বছরেই বড় আকারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে। কারণ বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শিক্ষক পদ শূন্য রয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে একদিকে যেমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট বাড়বে, অন্যদিকে নিবন্ধনধারী চাকরিপ্রার্থীদের হতাশাও বাড়বে।
কোনো মন্তব্য করতে রাজি নন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
বিষয়টি নিয়ে জানতে এনটিআরসিএর চেয়ারম্যানের চলতি দায়িত্বে থাকা সদস্য নূরে আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নিয়মিত চেয়ারম্যান নিয়োগ এবং প্রশাসনিক স্থবিরতা দূর হলেই ৯ম গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে নতুন করে অগ্রগতি দেখা যেতে পারে।
বর্তমানে তাই ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের সম্ভাবনা থাকলেও কবে নাগাদ ৯ম গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সূচি নেই। ফলে অপেক্ষায় থাকতে হচ্ছে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা হাজারো প্রার্থীকে।
সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস
আরও পড়ুন- বাংলাদেশে এআইয়ের উত্থান, নতুন সুযোগ নাকি চাকরির সংকট










