‘এখানেই শেষ’—ব্রাজিলকে কি বিদায় জানালেন নেইমার?
নরওয়ের কাছে হারের পর ব্রাজিল জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন নেইমার।
বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর ব্রাজিল জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। নরওয়ের বিপক্ষে হারের পর দেওয়া এক আবেগঘন বক্তব্যে তিনি বলেন, “আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।” তার এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের জোর আলোচনা শুরু হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন নেইমার। তবে সেই গোলও হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
ম্যাচ শেষে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা প্রকাশ করেন নেইমার। তিনি বলেন, “বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ।” এরপরই যোগ করেন, “এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।”
নেইমারের এই বক্তব্যের বিশেষ তাৎপর্যও রয়েছে। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল তার। ১৬ বছর পর একই মাঠে শেষ ম্যাচ খেলেই জাতীয় দলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
এই হারের মধ্য দিয়ে ১৯৯০ সালের পর বিশ্বকাপে সবচেয়ে বাজে অভিযান শেষ করল ব্রাজিল। ফলে ২০০২ সালের পর থেকে বিশ্বকাপ শিরোপার অপেক্ষাও আরও দীর্ঘ হলো সেলেসাওদের। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেই অপেক্ষা গড়াবে ২৮ বছরে।
ব্যক্তিগতভাবেও এটি নেইমারের জন্য এক বেদনাদায়ক অধ্যায়। চারটি বিশ্বকাপ খেলেও শিরোপার স্বাদ পাননি তিনি। ব্রাজিলের ইতিহাসে থিয়াগো সিলভার পর দ্বিতীয় ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপ খেলেও বিশ্বচ্যাম্পিয়ন হতে পারলেন না নেইমার।
যদি তার এই মন্তব্যই আনুষ্ঠানিক অবসরের ইঙ্গিত হয়ে থাকে, তাহলে ব্রাজিলের জার্সিতে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হবে ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট নিয়ে। জাতীয় দলের হয়ে তার একমাত্র সিনিয়র শিরোপা ২০১৩ সালের কনফেডারেশনস কাপ। এছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন স্বর্ণপদক।
এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি নেইমার। তাই ব্রাজিল ফুটবল কনফেডারেশন বা খেলোয়াড়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
