নেত্রকোনা’য় ১ হাজার পিস ইয়াবাসহ একই পরিবারের তিন নারী আটক

Netrobangla24 Desk
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
নেত্রকোনা’য় ১ হাজার পিস ইয়াবাসহ একই পরিবারের তিন নারী আটক

নেত্রকোনা’য় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা, মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিন নারী মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি বিশেষ দল রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। এ সময় চারজন পুরুষ মাদককারবারিকে আটক করে তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদের স্বজনসহ আরও কয়েকজন নারী-পুরুষ লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক চারজনকে ছিনিয়ে নেয়।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে একই পরিবারের তিন নারী—টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০) ও সানিয়া আক্তার (২৫)—কে আটক করে।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরে তল্লাশি চালিয়ে আরও ৪০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪৬ হাজার ৭৮৫ টাকা, ২টি ল্যাপটপ, ১২টি বাটন মোবাইল, ১টি স্মার্টফোন, ৩টি মোটরসাইকেল, ২টি লোহার রড ও ৩টি লাঠি জব্দ করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ও পলাতক আসামিরা একই পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন