নেত্রকোনায় মহুয়া বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩, গুরুতর আহত ৫

Netrobangla24 Desk
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
নেত্রকোনায় মহুয়া বাসের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩, গুরুতর আহত ৫

নেত্রকোনায় মহুয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার মা-মেয়েসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার আমলি কেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তাঁর মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অপর এক শিশু। তাৎক্ষণিকভাবে ওই শিশুর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী মহুয়া পরিবহনের একটি বাস চল্লিশা বাইপাস মোড়ে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নূর জাহানের স্বামী আইনুল হকসহ আরও পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাজহারুল আমিন জানান, গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে আনা হলে পরীক্ষার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর এক আহত ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে পরে তার মৃত্যু হয়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি ঘটনাস্থলে গিয়ে স্পিডব্রেকার ও গোলচত্বর নির্মাণের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

👍 আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন