শার্শায় ২৬টি স্বর্ণের বারসহ যুবক আটক
শার্শার বাগআঁচড়া বাজারে অভিযানে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেলের ভেতর থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় রিপন হোসেন (৪১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম। বিজিবির দাবি, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।
আটক রিপন হোসেন যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বাগআঁচড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রিপন হোসেনকে আটক করা হয়।
পরে বিজিবির জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দুটি মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণ যশোরের একজন দক্ষ জুয়েলারি কারিগরের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় বারগুলো ২৪ ক্যারেটের খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে স্বর্ণসহ বিভিন্ন ধরনের চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
