লোডশেডিংয়েও থামবে না চিকিৎসাসেবা: রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ-সহায়ক সামগ্রী উপহার

প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ
লোডশেডিংয়েও থামবে না চিকিৎসাসেবা: রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ-সহায়ক সামগ্রী উপহার

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি সেবা সামগ্রী হস্তান্তর করেন ইউএনও মেহেদী হাসান কাউছার।

চলমান বিদ্যুৎ বিভ্রাটের কারণে চিকিৎসাসেবা ব্যাহত হওয়া ঠেকাতে এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রায়পুর পৌরসভা। উপজেলার প্রধান চিকিৎসা কেন্দ্র রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস, সোলার সিস্টেম ও ইলেকট্রিক ফ্যান উপহার দিয়েছে পৌরসভা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে এসব জরুরি সেবা সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রায়পুর পৌর প্রশাসক মেহেদী হাসান কাউছার।

পৌরসভা সূত্রে জানা গেছে, হস্তান্তর করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি উন্নতমানের রহিমআফ্রোজ (RAHIMAFROOZ) ব্র্যান্ডের আইপিএস, সোলার সিস্টেম সংযুক্ত দুটি বিশেষ ব্যাটারি এবং ১০টি বিআরবি (BRB) ফ্যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের পাশাপাশি হাসপাতালের বারান্দায় অবস্থান করা রোগীরাও নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের জন্য গরমের মধ্যে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছিল।

হাসপাতালে বেড সংকটের কারণে অনেক রোগীকে বারান্দায় অবস্থান করতে হয়। বিদ্যুৎ চলে গেলে সেখানে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা না থাকায় রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়ছিল। পৌরসভার দেওয়া এসব সামগ্রী চালু হলে বিদ্যুৎ না থাকলেও চিকিৎসাসেবার পরিবেশ উন্নত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রায়পুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, জনস্বার্থ ও চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতেই পৌরসভার পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রায়পুর পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থা চালু থাকলে রোগীদের সেবার মান আরও উন্নত হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page