শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে নওগাঁয় সাক্ষরতা দিবস পালিত
নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা বাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শোভাযাত্রাটি বের হয়। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
শোভাযাত্রাটি বক্তারপুর ইউনিয়নের চাকলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বার্তা দেন। পরে দিবসটির প্রতিপাদ্য ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল আমিন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপপরিচালক সানাউল হাবিব এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম। এ ছাড়া বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যক্তির জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, কর্মদক্ষতা অর্জন এবং সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য সাক্ষরতার গুরুত্ব অনেক বেশি। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জীবনমুখী ও প্রয়োজনভিত্তিক শিক্ষার সুযোগ নিশ্চিত করাও এখন সময়ের দাবি।
তারা আরও বলেন, এখনো সমাজের বিভিন্ন পর্যায়ে এমন অনেক মানুষ রয়েছেন, যারা নানা কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ঝরে পড়া শিক্ষার্থী এবং শিক্ষার সুযোগবঞ্চিত জনগোষ্ঠীকে উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শিক্ষার আওতায় আনা জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
আলোচনায় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নিরক্ষরতা দূর করার পাশাপাশি জনগণের মধ্যে জীবনমুখী শিক্ষা, দক্ষতা ও জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে। শিক্ষার আলো সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করার বার্তা দেওয়া হয়। একটি নিরক্ষরমুক্ত, সচেতন ও দক্ষ সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান আয়োজকরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
