শো শেষে ফেরার পথে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মৌসুমী মৌ

বিনোদন প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
শো শেষে ফেরার পথে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মৌসুমী মৌ

শো শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হলেও বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন অভিনেত্রী মৌসুমী মৌ।

শো শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী মৌ। দুর্ঘটনায় মাথা, বুক, হাত ও পায়ে আঘাত পেলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। ভয়াবহ সেই ঘটনার বর্ণনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মৌসুমী মৌ জানান, একটি পিকআপ তাদের গাড়িকে ধাক্কা দিলে তিনি গাড়ির এক পাশ থেকে অন্য পাশে ছিটকে পড়েন। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তবে বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ! অনেক বড় বিপদ থেকে গতকাল বেঁচে গেছি। শো শেষ করে আসার পথে একটা পিকআপ আমাদের ধাক্কা দেয়। আমি গাড়ির বাঁ দিক থেকে ডান দিকে ছিটকে পড়ি। মাথা, বুকে, পায়ে আর হাতে ব্যথা পাই। কিন্তু বড় ধরনের কোনো কিছু আমার হয়নি।”

দুর্ঘটনার সময় আরও বড় বিপদ অল্পের জন্য এড়ানো গেছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী। তিনি জানান, তাদের গাড়ির ঠিক পেছনে মোটরসাইকেলে ছিলেন তাঁর মেকআপ আর্টিস্ট মুমিন। কয়েক সেকেন্ডের ব্যবধানে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মৌসুমী মৌর ভাষ্য, যদি পিকআপটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিত, তাহলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত। একইভাবে গাড়ির দরজার দিকে আঘাত লাগলেও প্রাণহানির আশঙ্কা ছিল বলে তিনি উল্লেখ করেন।

পিকআপচালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগও তুলেছেন এই অভিনেত্রী। তাঁর দাবি, চালকের আচরণ স্বাভাবিক ছিল না এবং গাড়িটির ব্রেকেও সমস্যা ছিল। পরে গাড়ির মালিক এসে জানান, ওই চালকের সেদিন গাড়ি চালানোর কথা ছিল না। তবে বিষয়টি নিয়ে তিনি নিশ্চিত নন বলেও উল্লেখ করেন।

দুর্ঘটনার পর বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন মৌসুমী মৌ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা। অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page