১০০ টাকায় গরুর মাংস ভাত বিক্রি করে আলোচনায় আসা মিজান গ্রেফতার

reporter
অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
১০০ টাকায় গরুর মাংস ভাত বিক্রি করে আলোচনায় আসা মিজান গ্রেফতার

১০০ টাকায় গরুর মাংস ভাত বিক্রি করা মিজানুর রহমান গ্রেফতার

মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা মিজানুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানার পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত কর্মীদের ওপর হামলার অভিযোগে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তাকে কাফরুল থানায় নেওয়া হয় এবং সংশ্লিষ্ট অভিযোগে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাত ও বিভিন্ন স্থাপনায় থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম পরিচালনা করছিল। ওই অভিযানে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আগারগাঁও এলাকায় মিজানের দোকানে যান।

ওসি জানান, দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে মিজানুর রহমান ক্ষুব্ধ হয়ে কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের ওপর চড়াও হন এবং তাদের শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়া, কর্তব্যরত কর্মীদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়।

মিজানুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান। খুব কম দামে গরুর মাংস ও ভাত বিক্রির ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই তার দোকানে ভিড় করতে শুরু করেন। বিভিন্ন মহলে তার উদ্যোগ নিয়ে আলোচনা হলেও এবার অবৈধ বিদ্যুৎ সংযোগ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনি আইনি জটিলতায় পড়লেন।

পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!

👍 আমাদের অফিসিয়াল Facebook Page