মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ
মহাদেবপুরে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার ও চারজন গ্রেপ্তার
নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযানটি পরিচালনা করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মহাদেবপুর থানার হোসেনপুর গ্রামের ইমন হোসেনের বাড়ির উত্তর পাশের সড়কে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত ৯টা ১৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালায় ডিবির দল।
এ সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি এবং আশপাশে অবস্থান করা আরও দুজনের আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায় সোহাগ হোসেন (২৮) হিসেবে। তিনি মহাদেবপুর উপজেলার রাইগা গ্রামের খাজামুদ্দিনের ছেলে। মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি রনি হাসান (২০), তিনি একই উপজেলার কৃষ্ণপুর হঠাৎপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।
পরে উপস্থিত লোকজনের সামনে সোহাগের মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করা হয়। সেখান থেকে ৪০ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে মোট ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে জুয়েল (৩৬) ও তার ভাই রুবেল হোসেন (৩০)কেও গ্রেপ্তার করা হয়। তারা মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ হোসেন জানান, অন্য তিনজনের সহযোগিতায় বিভিন্ন এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেটের ক্রয়-বিক্রয় করা হতো।
অভিযানে ট্যাপেন্টাডল উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহাদেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!
