মাধ্যমিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা ইউনেসকো মঞ্চে বাংলাদেশের ঘোষণা
মাধ্যমিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা
ইউনেসকো মঞ্চে বাংলাদেশের ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের শিক্ষাব্যবস্থায় সময়োপযোগী সংস্কারের অংশ হিসেবে মাধ্যমিক স্তর থেকেই তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। একই সঙ্গে শিক্ষাখাতে বরাদ্দ বাড়িয়ে মোট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার রোডম্যাপও তুলে ধরা হয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিস-এ অনুষ্ঠিত ইউনেসকো নির্বাহী বোর্ডের ২২৪তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে বক্তব্য দিতে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল খালেক এসব তথ্য জানান।
তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতা ও পরিবর্তিত বাস্তবতায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেই শিক্ষায় তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতির কথাও উল্লেখ করেন তিনি এবং শিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
আন্তর্জাতিক শিক্ষা সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি বাস্তবায়ন জরুরি; তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম নানা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি জানান, দেশে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে। ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগের মাধ্যমে নারীদের অর্থনৈতিক ও সামাজিক মূলধারায় সম্পৃক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়া বিশ্ব ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ‘এক গ্রাম, এক পণ্য’ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন এবং স্থানীয় সংস্কৃতির বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে।
অধিবেশনে গাজা অঞ্চলে শিক্ষা ও বেসামরিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন।
একই সঙ্গে প্রশাসনিক ব্যয় হ্রাসের ফলে উন্নয়নশীল দেশ, আফ্রিকা ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর শিক্ষা সহায়তা যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

আপনার মতামত লিখুন
Array